২০১৫ বিশ্বকাপে সুযোগ পেল আয়ারল্যান্ড
টানা তৃতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পেল আয়ারল্যান্ড।
মঙ্গলবার আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ ‘টাই’ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিশ্চিত করেছে তারা। ১২ ম্যাচ থেকে আইরিশদের পয়েন্ট ২০।
দ্বাদশ দল হিসেবে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পরের তিনটি স্থানে থাকা নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আফগানিস্তান। তাদের পয়েন্ট যথাক্রমে ১৫, ১৫ ও ১১। তবে দুটি ম্যাচ কম খেলেছে আফগানিস্তান।
নেদারল্যান্ডসের অ্যাম্সটেলভিনের ঐ খেলায় আইরিশদের গড়া পাঁচ উইকেটে ২৬৮ রানের তাড়া করে খেলতে নেমে নয় উইকেটে ২৬৮ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
২০১৫ সালের বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দেশ। আইসিসির দশটি পূর্ণ সদস্য ও বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের প্রথম দুই দলের পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সুযোগ পাবে আরো দুটি দেশ।
