২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস ক্যাম্প নিয়ে খুশি এনামুল

ফিটনেস ক্যাম্প নিয়মিত হওয়া প্রয়োজন বলে মনে করেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে এনামুল বলেন, “আমাদের জন্য এই ক্যাম্প দারুণ একটি সুযোগ। এটা আমাদের অনেক উপকার করছে।”

নিবিড় ফিটনেস ক্যাম্পের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে রোববার। গতমাসে শুরু হওয়া ক্যাম্পের তৃতীয় ধাপ চলবে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত। ১৩ জুলাই পর্যন্ত ছুটিতে থাকবেন ক্রিকেটাররা।

এনামুল বলেন, “অনূর্ধ্ব-১৭ দলে এমন ক্যাম্প পাইনি। অনূর্ধ্ব-১৯ দলে দীর্ঘ বিরতিতে এরকম ক্যাম্প হত। এ ক্যাম্পিংটা একটানা হচ্ছে বলে একটু আলাদা মনে হচ্ছে। কিভাবে চোট থেকে দূরে থাকা যায়, ফিটনেস কিভাবে ঠিক রাখা যায় এসব নিয়েই মূলত আমরা কাজ করেছি।”

কিছুদিন আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার কারণে শ্রীলঙ্কা সফরের শেষ দিকে দেশে ফিরেন, যেতে পারেননি জিম্বাবুয়ে সফরে। এ সময় খেলতে না পারলেও অনুশীলন ঠিকই চালিয়ে গেছেন বলে জানান এনামুল।

তিনি বলেন, “পরীক্ষার সময় আমি একেবারেই অনুশীলন করিনি এমনটা নয়। ফাঁকে ফাঁকে সময় করে চেষ্টা করেছি। আর এখন এ ক্যাম্প পেয়ে বেশ সুবিধাই হয়েছে।”

“বেশ কিছূদিন ধরেই আমাদের ক্রিকেটাররা ঘন ঘন চোটে পড়ছেন। এই ক্যাম্পের মাধ্যমে নিজেদের ফিটনেস ঠিক আছে কিনা তার পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ছোটখাটো চোট থাকলেও সেটাও ধরা পড়বে,” যোগ করেন তিনি।

অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দল। একই সময়ে সিঙ্গাপুরে একটি টুর্নামেন্ট খেলতে যাবে অনূর্ধ্ব-২৩ দল। এই ক্যাম্পে ডাক পাওয়া অনেক ক্রিকেটারই ‘এ’ ও অনূর্ধ্ব-২৩ দলে দলে সুযোগ পাবেন।