২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করলো পিসিবিও

স্পট ফিক্সিংয়ের দায়ে দানিশ কানেরিয়ার উপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই স্পিনারকে আজীবন নিষিদ্ধ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

২০০৯ সালে কাউন্টি ক্রিকেটে দল এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন কানেরিয়া। সে সময় সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডকে এতে জড়ানোর জন্য প্রলুব্ধ করেন তিনি।  

এ ঘটনায় পরের বছর গ্রেপ্তার হন এই পাকিস্তানি। তবে প্রমাণাদি না থাকায় মুক্তি পান। কিন্তু ২০১২ সালে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওয়েস্টফিল্ড তার উপর প্রভাব বিস্তারকারী হিসেবে কানেরিয়ার নাম প্রকাশ করেন। আর পরবর্তীতে তা প্রমাণিত হওয়ায় কানেরিয়াকে নিষিদ্ধ করে ইসিবি।

ঐ শাস্তির বিরুদ্ধে শুরুতেই একবার আপিল করে হেরে যান কানেরিয়া। আর এই মাসে আবারো তার আবেদন বাতিল হওয়ায় পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, “পিসিবির আওতাধীন যেকোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করা হলো। বোর্ডের নিয়ন্ত্রনাধীন কোনো সংস্থা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে জড়াতেও পারবেন তিনি।”

৬১ টেস্টে ২৬১ উইকেট ও ১৮ ওয়ানডেতে ১৫ উইকেটের মালিক কানেরিয়া জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে।