২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন ইকবাল কাশিম

পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

পাকিস্তানের সাবেক বাঁহাতি স্পিনার বলেন, “পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) শীর্ষ পর‌্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি যে আমি আমার মেয়াদ শেষ করেছি। তাই ভবিষ্যতের জন্য তাদের নতুন নির্বাচন প্যানেলের নিয়োগ দেয়া উচিৎ।”

গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের তিন ম্যাচেই হেরে লজ্জাজনক বিদায়ের পর থেকে কাশিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিটিকে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল।

পাকিস্তানের গণমাধ্যমে দল নির্বাচন নিয়ে কোচ ডেভ হোয়াটমোর, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল হক এবং টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের সঙ্গে কাশিমের মতবিরোধ নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছিল। বিদায়বেলায় কাশিম অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, “আমার কারো সঙ্গে কোনো মতবিরোধ নেই। খেলায় হার-জিত আছেই আর এটা খেলারই অংশ। তাই কোনো মতবিরোধ থাকাও উচিৎ নয়। আমি বরং মিসবাহ, হোয়াটমোর ও হাফিজকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।” ৫০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা কাশিমকেও ধন্যবাদ দিয়েছেন পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠি। তিনি বলেন, “দেশকে কাশিম অতুলনীয় সেবা দিয়েছেন। আমি তার শুভ কামনা করি। আশা করি ভবিষ্যতে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তার পরামর্শ ও নির্দেশনা পাওয়া যাবে।”