২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ফাওয়াদ

পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। ফলে ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলে তার স্থান পাওয়ার বাধাটি দূর হলো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

অনেক পথ পেরিয়ে এবং অনেক সংগ্রামের পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ায় দারুণ খুশি ফাওয়াদ।

২০১০ সালে স্বল্প মেয়াদের ভিসায় অস্ট্রেলিয়া এসেছিলেন ফাওয়াদ। তারপরই তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চান। কারণ হিসেবে বলেন, পাকিস্তানে তার জীবন হুমকির মুখে। দেশে একটি এনজিওর হয়ে নারী অধিকার নিয়ে কাজ করায় ইসলামিক উগ্রবাদী দল তার জীবননাশের হুমকি দিয়েছিল।

ফাওয়াদ বলেন, “অস্ট্রেলিয়ার নাগরিক হতে আমার আর তর সইছে না, বিশেষ করে দেশটির হয়ে ক্রিকেটের মাঠে নামার। এই দেশটিকে আমি কিছু ফিরিয়ে দিতে চাই।”

এ পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪১ উইকেট নিয়েছেন ফাওয়াদ। ৩১ বছর বয়সী এই লেগ স্পিনার শেন ওয়ার্নের শূন্যস্থান ঘোচাবে বলে আশা করছে অস্ট্রেলিয়ার সমর্থকরা।

অস্ট্রেলিয়া দলে এখনই তার ডাক পাওয়ার নিশ্চিত কোনো সম্ভাবনা নেই। অন্তত দেশটির ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচে তার পারফরম্যান্স তেমনি ইঙ্গিত দেয়। ঐ দুই ম্যাচের চার ইনিংসে মাত্র দুটি উইকেট পেয়েছিলেন তিনি।

ফাওয়াদও জানান, অ্যাশেজে স্থান পাওয়া নিয়ে মাথা না ঘামিয়ে তার লক্ষ্য জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া এ দলের সফরে ভালো করা।