২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন-লিগ নিয়ে বিসিবি সভাপতির আশ্বাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান কিছু দিনের মধ্যেই বিসিবি নির্বাচন এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তারিখ ঘোষণা করার আশ্বাস দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

লন্ডনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিয়ে দেশে ফিরে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী এক মাসের মধ্যে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। আমরা এ ব্যাপারে কয়েক দিনের মধ্যে আইসিসির কাছ থেকে চিঠি পাওয়ার আশা করছি।”

“আমাদের হাতে দুটি গঠনতন্ত্র আছে। একটা ২০০৮ সালের, অন্যটা ২০১২ সালের। পরেরটা এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) অনুমোদন করেছে। দুটোই আমরা আইসিসিকে দেখিয়েছি। ২০০৮ সালের গঠনতন্ত্র আইসিসি অনুমোদিত নয়। তবে ২০১২ সালের গঠনতন্ত্র নিয়ে তাদের কোনো আপত্তি নেই।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিবেদনের জন্য প্রিমিয়ার লিগ পিছিয়ে দিয়েছিলেন বিসিবি সভাপতি। অগাস্টের প্রথম সপ্তাহের আগে আকসুর প্রতিবেদন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে লিগ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

নাজমুল হাসান বলেন, “প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে এখন আর কোনো বাধা নেই। আকসুর প্রতিবেদন পাওয়ার পরই লিগ শুরু করতে চেয়েছিলাম। যেহেতু প্রতিবেদন পেতে দেরি হবে, তাই আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই।”

“আকসুর তদন্তে বাংলাদেশ-অধ্যায় এখন শেষ পর‌্যায়ে। বাংলাদেশের আর একজনের সাক্ষাৎকার নেয়া শুধু বাকি। তবে বিদেশের কয়েক জনের সাক্ষাৎকার নেয়ারও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই তদন্ত প্রতিবেদন পেতে আরো এক মাস লাগতে পারে।”

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর অভিযোগ, প্রিমিয়ার লিগ শুরু করা নিয়ে টালবাহানা করছে বিসিবির বর্তমান কমিটি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, “এটা একদম বাজে কথা। এমন কথা উনি (সাবের হোসেন) কেন বলছেন তা বুঝতে পারছি না। উনার মাথায় স্পট ফিক্সিং-ম্যাচ ফিক্সিং বা ক্রিকেট বিষয়ক কোনো চিন্তা নেই।”