২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের শুভ সূচনা

ক্রিস গেইলের আক্রমণাত্মক শতকের সুবাদে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 02:51 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

শুক্রবার কিংস্টনের স্যাবাইনা পার্কে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল। ওয়ানডেতে ৭০তম ফিফটির দেখা পাওয়া মাহেলা জয়াবর্ধনের (৫২) সঙ্গে উপুল থারাঙ্গার (২৫) ১৩.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ৬২ রান উপহার দেয় দলকে।

কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কানরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস পঞ্চদশ অর্ধশতক করে ৫৫ রানে অপরাজিত থাকলেও ৬৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে অলআউট হয়ে যায় তারা।

৪০ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ‘ঘাতক’ অফস্পিনার সুনীল নারাইন। পেসার রবি রামপল ৩৮ রানে নেন ৩ উইকেট।

জবাবে শুরু থেকে গেইলের আক্রমণাত্মক ব্যাটিং ক্যারিবীয়দের জয়ের জন্য কখনো দুর্ভাবনায় পড়তে দেয়নি। জনসন চার্লসের সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন গেইল। ২০.২ ওভার স্থায়ী যে জুটিতে চার্লসের অবদান মাত্র ২৯ রান।

ওয়ানডেতে ২১তম এবং ঘরের মাঠ স্যাবাইনা পার্কে তৃতীয় শতকের দেখা পাওয়া গেইলের ১০০ বলে ১০৯ রানের ইনিংসে ৯টি চার ও ৭টি বিশাল ছক্কা।

অজন্তা মেন্ডিসকে তুলে মারতে গিয়ে দীনেশ চান্দিমালকে ক্যাচ দিয়ে গেইল বিদায় নেয়ার পরের ওভারেই রান আউট হয়ে যান ড্যারেন ব্রাভো (২৭)। দুই ওভার পর কাইরন পোলার্ডকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নুয়ান কুলাসেকারা।

তবে ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্যে পৌঁছে দেন মারলন স্যামুয়েলস ও অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ৪০ ওভারের মধ্যে জয় পাওয়ায় বোনাস পয়েন্টও পেয়ে যায় ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮.৩ ওভারে ২০৮ (থারাঙ্গা ২৫, জয়াবর্ধনে ৫২, সাঙ্গাকারা ১৭, চান্দিমাল ২১, ম্যাথিউস ৫৫*, থিরিমান্নে ৬, কুলাসেকারা ২, জীবন মেন্ডিস ৫, হেরাথ ৪, মালিঙ্গা ৮, অজন্তা মেন্ডিস ২; নারাইন ৪/৪০, রামপল ৩/৩৮, ডোয়াইন ব্রাভো ২/৩৭, স্যামুয়েলস ১/১১)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৭.৫ ওভারে ২০৯/৪ (গেইল ১০৯, চার্লস ২৯, ড্যারেন ব্রাভো ২৭, স্যামুয়েলস ১৫*, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ৮*; হেরাথ ১/৩৭, কুলাসেকারা ১/৩৯, অজন্তা মেন্ডিস ১/৫৩)