২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুশ্চিন্তায় বিসিবি সভাপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি। অন্য কোনো দেশে এই প্রতিযোগিতা আয়োজনের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ দুশ্চিন্তায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

Image
বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি

আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেন, “কয়েক দিন আগে বাংলাদেশ সফরে আসা আইসিসির পরামর্শদাতা আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন। আইসিসির আসন্ন বার্ষিক সাধারণ সভায় অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হতে পারে।” “সিলেট স্টেডিয়াম প্রস্তুত করাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইসিসির দুটি প্রতিনিধি দলই এই স্টেডিয়ামের প্রস্তুতির কাজ একই অবস্থায় দেখে গেছে। কক্সবাজার স্টেডিয়াম নিয়ে অবশ্য সমস্যা নেই। বিসিবির অর্থায়নে এই স্টেডিয়াম নির্ধারিত সময়েই প্রস্তুত হবে।” সিলেট স্টেডিয়াম নিয়ে অর্থমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন নাজমুল হাসান। দুজনের কাছ থেকেই সর্বোচ্চ সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। বিসিবি সভাপতি আশাবাদী, আগামী অগাস্টে আইসিসির পরবর্তী পরিদর্শক দল সন্তুষ্ট হবে। গত ৯ জুন স্টেডিয়াম ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করতে বাংলাদেশ সফরে আসেন আইসিসির ভেন্যু বিষয়ক পরামর্শদাতা ভ্যান ইউগান বুরেন। এর আগে গত এপ্রিলে আইসিসির ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের স্টেডিয়ামগুলো পরিদর্শন করেছিল।