ইংল্যান্ড দলে ফিরলেন পিটারসেন
হাঁটুর চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন ডান হাতি ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
তাকে সহ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টি-টোয়েন্টি দুটি হবে ২৫ ও ২৭ জুন।
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি পিটারসেন। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজেও তাকে না পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে সারের হয়ে খেলবেন পিটারসেন। তার পরই তিনি যোগ দেবেন জাতীয় দলে। প্রথমটিতে খেলতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার খেলার জোরালো সম্ভাবনা।
