২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার লড়াই

সোমবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গী হবে কোন দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

‘এ’ গ্রুপের চার দল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট যথাক্রমে ৪, ৩, ২ ও ১।

অস্ট্রেলিয়াকে হারালে শ্রীলঙ্কা সেমিফাইনালে চলে যাবে। আর শ্রীলঙ্কা হেরে গেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট করে। তখন নিট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সেমিফাইনালে। আপাতত রান রেটে অস্ট্রেলিয়ার (-০.৯৬০) চেয়ে নিউজিল্যান্ড (+০.৭৭৭) এগিয়ে আছে।

‘বাঁচা মরার লড়াই’-এর আগে অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। তিনি বলেন, “মালিঙ্গা এক বিস্ময়। এই মুহূর্তে ইনিংসের শেষের দিকে বল করতে সে যে সবচেয়ে দক্ষ, তাতে কোনো সন্দেহ নেই।”

অস্ট্রেলিয়ার কোচ অবশ্য একটা ব্যাপারে স্বস্তি পাচ্ছেন। তিনি বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে গত ১৫ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। এই সময়ে তাদের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ খেলেছি। আমাদের সব ব্যাটসম্যানই কম-বেশি মালিঙ্গার মুখোমুখি হয়েছে। এই ম্যাচে তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে।”

২০১২ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ১২টি ওয়ানডে খেলে ৫টিতে জিতেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার জয় ৬টি, অন্যটি পরিত্যক্ত।