২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিশোধ’ নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 11:44 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

শুধু শেষ চা্র নিশ্চিত করাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধও নিয়েছে তারা।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ‘এ’ গ্রুপের শীর্ষে আছে স্বাগতিকরা। সমান ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট।

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা (২ পয়েন্ট) ও অস্ট্রেলিয়া (১ পয়েন্ট) সোমবার ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে।

রোববার বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে ২৩ ওভার ৩ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৫৯ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

এরপর অভিষিক্ত কোরি অ্যান্ডারসনের (২৪ বলে ৩০) সঙ্গে কেন উইলিয়ামসনের (৫৪ বলে ৬৭) ৭৩ রানের জুটি নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ৫ রানের ব্যবধানে দুজনই বিদায় নিলে তারা আর পেরে ওঠেনি।

৩২ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জেমস অ্যান্ডারসন।

এর আগে ৭৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডেকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব অ্যালিস্টার কুক ও জো রুটের (৩৮)।

৪৭ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৬৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কুক।

নিউজিল্যান্ডের পক্ষে কাইল মিলস চারটি ও মিচেল ম্যাকক্লেনাগান তিনটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৩.৩ ওভারে ১৬৯ (কুক ৬৪, বেল ১০, ট্রট ৮, রুট ৩৮, মর্গ্যান ১৫, বাটলার ১৪, বোপারা ৯, ব্রেসনান ৪, ব্রড ০, ট্রেডওয়েল ০, অ্যান্ডারসন ০*; মিলস ৪/৩০, ম্যাকক্লেনাগান ৩/৩৬, ভেট্টরি ১/২৭, নাথান ম্যাককালাম ১/৩০)

নিউজিল্যান্ড
: ২৪ ওভারে ১৫৯/৮ (গাপটিল ৯, রঞ্চি ২, উইলিয়ামসন ৬৭, টেইলর ৩, ব্রেন্ডন ম্যাককালাম ৮, ফ্র্যাঙ্কলিন ৬, অ্যান্ডারসন ৩০, নাথান ম্যাককালাম ১৩, মিলস ৫*; অ্যান্ডারসন ৩/৩২, বোপারা ২/২৬, ব্রেসনান ২/৪১, ব্রড ১/২৫)

ম্যাচ সেরা: অ্যালিস্টার কুক।