নাটকীয়ভাবে শেষ চারে দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ‘টাই’ করলেও শ্রেয়তর রান রেট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
দুই দলের সংগ্রহ তিন পয়েন্ট করে। তবে নিট রান রেটে ওয়েস্ট ইন্ডিজের (-০.০৭৫) চেয়ে অনেকখানি এগিয়ে দক্ষিণ আফ্রিকা (+০.৩২৫)।
প্রথম দুই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নেয়া পাকিস্তানের বিপক্ষে শনিবার গ্রুপের শেষ ম্যাচে খেলবে তারা।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় খেলা নেমে আসে ৩১ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ২৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬.১ ওভারে ৬ উইকেটেই ১৯০ রান করার পর আবার বৃষ্টি নামে। খেলারও সেখানেই সমাপ্তি।
ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে খেলা ‘টাই’ হলেও রান রেটের হিসাবের মারপ্যাঁচে ভাগ্য সুপ্রসন্ন হয় দক্ষিণ আফ্রিকানদের। ঠিক ১০ বছর আগে ঘরের মাঠের বিশ্বকাপে বৃষ্টির দুর্ভাগ্যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দুঃখ এত দিন পর কিছুটা হলেও প্রশমিত হতে পারে তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩১ ওভারে ২৩০/৬ (ইনগ্রাম ৭৩, আমলা ২৩, ডি ভিলিয়ার্স ৩৭, ডুমিনি ২, দু প্লেসি ৩৫, মিলার ৩৮, ম্যাকলারেন ৭*, পিটারসন ০*; ডোয়াইন ব্রাভো ২/৪৩, স্যামুয়েলস ১/১৪, পোলার্ড ১/৩০, রামপল ১/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ২৬.১ ওভারে ১৯০/৬ (গেইল ৩৬, জনসন ১৬, স্মিথ ৩০, স্যামুয়েলস ৪৮, ড্যারেন ব্রাভো ১২, পোলার্ড ২৮, ডোয়াইন ব্রাভো ৮*, স্যামি ০*; স্টেইন ২/৩৩, পিটারসন ১/২২, মরিস ১/৩০, ম্যাকলারেন ১/৩৪)
ম্যাচ সেরা: কলিন ইনগ্রাম।
