অ্যাশেজ পর্যন্ত নিষিদ্ধ ওয়ার্নার
ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জো রুটকে শারীরিকভাবে আঘাত করায় অ্যাশেজ শুরু হওয়ার আগ পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পাশাপাশি এই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাড়ে ১১ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার শুনানির পর সিএ এক বিবৃতিতে জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলো এবং এই প্রতিযোগিতা শেষে সমারসেট ও ওরস্টারশায়ারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার।
আগামী ১০ জুলাই থেকে অ্যাশেজ অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে।
রোববার সকালে বার্মিংহ্যামের এক পানশালায় রুটের গায়ে হাত তোলেন ওয়ার্নার। তার আগের দিন ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
