২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রাখা জয়

ইংল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

‘এ’ গ্রুপে প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট যথাক্রমে ৩, ২, ২ ও ১।

বৃহস্পতিবার ওভালে শ্রীলঙ্কার দারুণ জয়ে প্রধান অবদান ১৩৪ রানে অপরাজিত কুমার সাঙ্গাকারার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার অন্যতম কৃতিত্ব ৩৮ বলে ৫৮ রানে অপরাজিত নুয়ান কুলাসেকারার।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দুজনে মাত্র ৭১ বলে ১১০ রান যোগ করেন। তাই ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার কার্ডিফে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরদিন ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৩ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৭ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে কুশল পেরেরার (৬) বিদায়ে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি।

তবে তিলকরত্নে দিলশানের (৪৪) সঙ্গে ৯২ এবং মাহেলা জয়াবর্ধনের (৪২) সঙ্গে ৮৫ রানের দুটি দারুণ জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাঙ্গাকারা।

ম্যাচ সেরা সাঙ্গাকারার ১৩৫ বলের ইনিংসে ১২টি চার। ওয়ানডেতে এটা তার পঞ্চদশ শতক।

এর আগে ইয়ান বেলের (২০) সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের ৪৮ রানের উদ্বোধনী জুটি ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের সঙ্গে ৮৩ রানের আরেকটি ভালো জুটি স্বাগতিকদের উপহার দেন কুক (৫৯)।

তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ট্রটের ৮৭ রানের দারুণ জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। দলীয় ২১৮ রানে রঙ্গনা হেরাথের শিকারে পরিণত হওয়ার আগে ৭৬ রান করেন ট্রট। তার ৮৭ বলের ইনিংসে ৫টি চার।

দলকে আড়াই শ’র কাছাকাছি নিয়ে যাওয়ার পর বিদায় নেন রুটও (৬৮)। তার ৫৫ বলের ইনিংসেও ৫টি চার। রুটের বিদায়ের পর ৫ রানের ব্যবধানে তিন উইকেট হারালেও রবি বোপারার ঝড়ো ব্যাটিং ইংল্যান্ডকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে দেয়।

১৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকা বোপারা শামিন্দা এরাঙ্গার করা শেষ ওভারে ২৮ রান নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৯৩/৭ (কুক ৫৯, বেল ২০, ট্রট ৭৬, রুট ৬৮, মর্গান ১৩, বাটলার ০, বোপারা ৩৩*, ব্রেসনান ৪, ব্রড ৭*; হেরাথ ২/৪৬, মালিঙ্গা ২/৫৮, এরাঙ্গা ২/’৮০, কুলাসেকারা ১/৪২)

শ্রীলঙ্কা: ৪৭.১ ওভারে ২৯৭/৩ (কুশল ৬, দিলশান ৪৪, সাঙ্গাকারা ১৩৪* , জয়াবর্ধনে ৪২, কুলাসেকারা ৫৮*; অ্যান্ডাসন ২/৫১, সোয়ান ১/৫০)

ম্যাচ সেরা: কুমার সাঙ্গাকারা।