২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিকে স্থপতি মোবাশ্বের হোসেনের চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন এবং গঠনতন্ত্র নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে একটি চিঠি দিয়েছেন দেশের প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

চিঠিতে বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের জানান, “গত ছয় মাসে বিসিবির গঠনতন্ত্র, বিশেষ করে নির্বাচন কীভাবে হবে তা নিয়ে বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এতে বিসিবির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।” “গত বছরের ১ মার্চ বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলররা গঠনতন্ত্রের সংশোধন ও অনুমোদন দেয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে সরকার কিছু পরিবর্তন আনে। আমরা এই পরিবর্তনের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছিলাম।” “কোর্ট আমাদের পক্ষে রায় দেয়। রায়ে বলা হয়, এনএসসি আরোপিত গঠনতন্ত্র ও পরিবর্তনের কোনো আইনী ভিত্তি নেই। যথাযথ আইনী কর্তৃপক্ষ দ্বারাও করা হয়নি।” তিনি আরো বলেন, “আইনী লড়াইয়ে হেরে গিয়ে এনএসসি ও বিসিবি আপিল বিভাগে লিভ টু আপিল করে। আপিল বিভাগ হাই কোর্টের রায় স্থগিত করে। সেখানে চূড়ান্ত শুনানির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।” “আপিল বিভাগ হাই কোর্টের রায় বজায় এবং এনএসসির গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণার শঙ্কা থাকায় চূড়ান্ত শুনানির ব্যাপারে এনএসসির কোনো আগ্রহ নেই। তাই ঐ শুনানি ঝুলে গেছে। এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়। সরকার মনোনীত সভাপতি এনএসসির নিয়োগকৃত অ্যাডহক কমিটি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।” “এই সঙ্কট নিরসনের দুটি উপায় আছে। প্রথমত আপিল বিভাগে শুনানি এবং দ্বিতীয়ত এনএসসি/বিসিবির লিভ টু আপিল তুলে নেয়া। এতে বিসিবির ইজিএম অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে কোনো বাধা থাকবে না।” গত বছরের ২৬ নভেম্বর বিসিবির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলে ১৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি নাজমুল হাসানই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোবাশ্বের হোসেন বলেন, “আশা করি অনুমোদিত বৈধ গঠনতন্ত্রের আলোকে বিসিবির অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আইসিসি সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।” “জুন মাসের মধ্যে সরকারি হস্তক্ষেপ মুক্ত ক্রিকেট বোর্ড করার বাধ্যবাধকতা রয়েছে। লিভ টু আপিল তুলে নিলে কাল থেকেই নির্বাচনের কাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে জুন মাসের মধ্যে না হলেও দ্রুত নির্বাচন করা সম্ভব হবে।”