গেমঅনকে ‘ছাড়’ দেবে না বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান গেমঅন স্পোর্টস ম্যানেজমেন্ট এবং ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বারবার প্রতিশ্রুতি দিয়েও এখনো টাকা পরিশোধ করেনি গেমঅন ও ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০ মার্চ ছিল গেমঅনের টাকা প্রদানের তারিখ। কিন্তু এরপর আড়াই মাসেরও বেশি কেটে গেলেও টাকা আদায় করতে পারেনি বিসিবি।
বিপিএল গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা ক্ষোভের সঙ্গে জানান, “গেমঅনের ব্যাপারে আর নমনীয় হওয়ার সুযোগ নেই। বারবার তাগাদা দেয়া ও সময় বাড়ানোর পরও তারা টাকা পরিশোধ করছে না। আমরাও তাই কঠোর হচ্ছি। গেমঅন ও ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা আদায়ে বিসিবির আইনি পদক্ষেপের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”
