ধাওয়ানের শতকে শেষ চারে ভারত
শিখর ধাওয়ানের টানা দ্বিতীয় শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে ভারত।
ভারতের জয়ের ফলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
‘বি’ গ্রুপে প্রত্যেক দলের দুটো করে ম্যাচ শেষে ভারতের চার এবং ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই পয়েন্ট করে। দুই ম্যাচেই হেরে যাওয়া পাকিস্তানের পয়েন্ট শূন্য।
শুক্রবার কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দল ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে ভারতের সঙ্গী হবে। পরদিন এজবাস্টনে ভারত-পাকিস্তান লড়াই শুধুই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৯ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার (৫২) সঙ্গে ধাওয়ানের ১০১ রানের উদ্বোধনী জুটি ভারতকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। শততম ম্যাচ খেলতে নেমে বেশিক্ষণ টেকেন নি বিরাট কোহলি (২২)। ধাওয়ানের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে বিদায় নেন তিনিও।
তৃতীয় উইকেটে দীনেশ কার্তিকের (৫১*) সঙ্গে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাকি কাজটুকু সহজেই সারেন ধাওয়ান। শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত ধাওয়ানের ১০৭ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা।
এর আগে পঞ্চম ওভারে ২৫ রানে ক্রিস গেইলের (২১) বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে জনসন চার্লসের ৭৮ রানের চমৎকার জুটি ওয়েস্ট ইন্ডিজকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
এই ভিত কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১ উইকেটে ১০৩ রান থেকে তাদের স্কোর পরিণত হয় ৯ উইকেটে ১৮২ রানে।
দশম উইকেটে কেমার রোচের (০*) সঙ্গে সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির (৩৫ বলে ৫৬*) ২৭ বলে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটির সুবাদে আড়াইশর কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজ।
৩৬ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জাদেজা। ৬৭ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৩৩/৯ (গেইলর ২১, জনসন ৬০, ড্যারেন ব্রাভো ৩৫, স্যামুয়েলস ১, সারওয়ান ১, ডোয়াইন ব্রাভো ২৫, পোলার্ড ২২, স্যামি ৫৬*, সুনীল ২, রামপল ২, রোচ ০*; জাদেজা ৫/৩৬, ভুবনেশ্বর ১/৩২, অশ্বিন ১/৩৬, ইশান্ত ১/৪৩, উমেশ ১/৫৪)
ভারত: ৩৯ ওভার ১ বলে ২৩৬/২ (রোহিত ৫২, ধাওয়ান ১০২*, কোহলি ২২, কার্তিক ৫১*; সুনীল ২/৪৯)
