২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পরিদর্শনে আইসিসির ভেন্যু পরামর্শক

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করতে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেন্যু পরামর্শক প্রকৌশলী ভ্যান ইউগান ভুরেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ ও সুযোগ-সুবিধা বিভাগের ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আজ (সোমবার) ইউগান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুটি নতুন মাঠ পরিদর্শন করেছেন।”

“শের-ই-বাংলা স্টেডিয়াম নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিকেএসপির নতুন দুটি মাঠে ড্রেসিংরুম নির্মাণ করা হচ্ছে, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। সব কিছু দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।”

র‌্যাবের কঠোর নিরাপত্তার মধ্যে সাভারে বিকেএসপিতে গেলেও হরতালের কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে যেতে পারেননি আইসিসির ভেন্যু পরামর্শক। আব্দুল বাতেন জানিয়েছেন, ফিরে যাওয়ার আগে ইউগান ফতুল্লায় যাবেন।

ভেন্যু পরিদর্শন করার জন্য গত এপ্রিলেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছিল আইসিসির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

আব্দুল বাতেন জানিয়েছেন, মঙ্গলবার চট্টগ্রাম ও পরদিন কক্সবাজার সফরে যাবেন আইসিসির ভেন্যু পরামর্শক। কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই স্টেডিয়ামেই মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে।

বৃহস্পতিবার সিলেট স্টেডিয়াম পরিদর্শন করে ফিরে যাবেন ইউগান।