২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামদিনের বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ

ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দীনেশ রামদিনের বিরুদ্ধে ‘ক্রিকেটের স্পিরিট পরিপন্থী’ আচরণের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সহজ ভাষায় যা প্রতারণা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jun 2013, 02:58 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

অভিযোগ প্রমাণিত হলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ অথবা ঐ ম্যাচের পুরো ফি জরিমানা দিতে হতে পারে তাকে।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে এক ন্যক্কারজনক ঘটনার জন্ম দেন রামদিন। কেমার রোচের করা ইনিংসের নবম ওভারের শেষ বল পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাটে লেগে গ্লাভসে জমা পড়ার সঙ্গে-সঙ্গে আউটের আবেদন করেন তিনি। আম্পায়ার স্টিভ ডেভিসও তাতে সাড়া দিয়ে আঙ্গুল তুলে দেন।

কিন্তু পরে সন্দেহ হওয়ায় লেগ আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে আলোচনা করে টিভি আম্পায়ার টনি হিলের সাহায্য চান ডেভিস। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, ক্যাচটা ধরার সময় বল গ্লাভসের ফাঁক গলে মাটিতে পড়ে গেছে। তাই আম্পায়ারও মিসবাহকে নট আউট ঘোষণা করেন।

ঐ সময় শুন্য রানে থাকা মিসবাহ শেষ পর্যন্ত ৯৬ রানে অপরাজিত ছিলেন। তবে তার অধিনায়কোচিত ইনিংস পাকিস্তানকে জয় এনে দিতে পারেনি। নাটকীয়ভাবে দুই উইকেটে জিতে শুভ সূচনা করেছে টুর্নামেন্টের ২০০৪ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

খেলা শেষে রামদিনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে মিসবাহ বলেন, “এ ব্যাপারে আমি আর কী বলতে পারি? ঘটনাটা তার (রামদিনের) আম্পায়ারদের বলা উচিৎ ছিল। জানি না সে সময় সে কী ভাবছিল। তবে আমার দলের উইকেটরক্ষক এমন কাজ করলে আমি মোটেও খুশি হতাম না।”

“আপনি যদি বুঝতে না পারেন যে এটা ক্যাচ, তাহলে ঠিক আছে। তবে আপনি যদি জানেন যে এটা ক্যাচ নয় তাহলে আউটের দাবি করা অনুচিৎ। কারণ তা খেলাটার স্পিরিটের সঙ্গে যায় না।”