ইংল্যান্ডের কাছে পরাস্ত অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হয়নি গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। শনিবার প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে সহজেই তাদের ৪৮ রানে হারিয়েছে ইংল্যান্ড।
এজবাস্টনে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৯ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ২২১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে ফিল হিউজের (৩০) সঙ্গে অধিনায়ক জর্জ বেইলির ৪৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
কিন্তু দলীয় ৯৪ রানে হিউজের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তারপরও আশা ছিল, কিন্তু ব্যাটিং পাওয়ার প্লেতে (৩৩-৩৭) ১৬ রানে ৩ উইকেট হারানোয় আর খেলায় ফেরা হয়নি তাদের।
অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন বেইলিও (৫৫)। সেখান থেকে জেমস ফকনারের অপরাজিত ৫৪ রানে দুশ পেরুয় অস্ট্রেলিয়া।
২৯ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জেমস অ্যান্ডারসন (২৩৭)। ড্যারেন গফকে (২৩৪) পেছনে ফেলে ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট তারই।
এর আগে অ্যালিস্টার কুকের (৩০) সঙ্গে ইয়ান বেলের ৫৭ রানের উদ্বোধনী জুটি ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের সঙ্গে ১১১ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ম্যাচ সেরা বেল।
দলীয় ১৬৮ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে (৪৩) ট্রটের বিদায়ের পর খেলার চিত্র পাল্টে যায়। তিনশ রানের সম্ভাবনা জাগালেও শেষ ৯৮ বলে ১০১ রানের বেশি নিতে না পারায় তত দূর যেতে পারেনি তারা।
ফকনারের নিচু হওয়া বলে বোল্ড হয়ে শতক বঞ্চিত হয়েছেন বেল (৯১)। তার ১১৫ বলের ইনিংসে ৭টি চার। এরপর নিয়মিত উইকেট হারালে সপ্তম উইকেটে টিম ব্রেসনানের (১৯*) সঙ্গে রবি বোপারোর (৪৬*) অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
অস্ট্রেলিয়ার পক্ষে ক্লিন্ট ম্যাককে ও ফকনার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৬৯/৬ (কুক ৩০, বেল ৯১, ট্রট ৪৩, রুট ১২, মর্গান ৮, বোপারা ৪৬*, বাটলার ১, ব্রেসনান ১৯*; ম্যাককে ২/৩৮, ফকনার ২/৪৮, ওয়াটসন ১/২৬, স্টার্ক ১/৭৫)
অস্ট্রেলিয়া: ২২১/৯ (ওয়ার্নার ৯, ওয়াটসন ২৪, হিউজ ৩০, বেইলি ৫৫, ভোজেস ১৫, মার্শ ৫, ওয়েড ১, ফকনার ৫৪*, জনসন ৮, স্টার্ক ৫, ম্যাককে ৭*; অ্যান্ডারসন ৩/৩০, ব্রেসনান ২/৪৫, রুট ১/২০, বোপারা ১/৩৪, ব্রড ১/৩৫, ট্রেডওয়েল ১/৫১)
