২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 09:56 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শুক্রবার লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান করে পাকিস্তান। জবাবে ৪০ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে দুই উইকেট হারালেও মারলন স্যামুয়েলসের (৩০) সঙ্গে ক্রিস গেইলের (৩৯) ৬৩ রানের জুটি ধাক্কা সামাল দেয়।

গেইলের বিদায়ের পর রামনরেশ সারওয়ান (১) ও স্যামুয়েলস তাকে দ্রুত অনুসরণ করলে অস্বস্তিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে কাইরন পোলার্ড (৩০) ও ডোয়াইন ব্রাভো (১৯) দলকে সহজ জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন।

দলীয় ১৩৭ রানে পোলার্ড ও ৬ রান পর ডোয়াইনের বিদায় খেলায় ফেরায় পাকিস্তানকে। কিন্তু শেষ রক্ষা হয়নি, দীনেশ রামদিন (১১*), সুনীল নারায়ণ (১১) ও কেমার রোচ (৫*) ৫৬ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন।

৩২ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ ইরফান। সাঈদ আজমল ও ওয়াহাব রিয়াজ দুটি করে উইকেট নেন।

এর আগে ম্যাচ সেরা রোচের তোপে মাত্র ১৫ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। চতুর্থ উইকেটে নাসির জামশেদের সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ৯০ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়।

অর্ধশতকে পৌঁছানোর পরপরই জামশেদকে (৫০) বিদায় করে বিপজ্জনক জুটি ভাঙ্গেন সুনীল। ১০ বলের মধ্যে শোয়েব মালিক (০) ও কামরান আকমলকে (২) সাজঘরে ফেরত পাঠিয়ে পাকিস্তানের বিপদ আরো বাড়ান তিনি।

এরপর একাই খেলতে হয়েছে মিসবাহকে। সঙ্গীর অভাবে শতক বঞ্চিত হওয়া মিসবাহ অপরাজিত থাকেন ৯৬ রানে। তার ১২৭ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা। মিসবাহ ও জামশেদ ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেন নি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোচ ও সুনীল তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৮ ওভারে ১৭০ (ফারহাত ২, জামশেদ ৫০, হাফিজ ৪, শফিক ০, মিসবাহ ৯৬*, শোয়েব ০, কামরান ২, ওয়াহাব ৬, আজমল ২, জুনায়েদ ০, ইরফান ২; রোচ ৩/২৮, সুনীল ৩/৩৪, ডোয়াইন ১/২৯, রামপল ১/৩৯)

ওয়েস্ট ইন্ডিজ: ৪০ ওভার ৪ বলে ১৭২/৮ (গেইল ৩৯, চার্লস ৯, ড্যারেন ০, স্যামুয়েলস ৩০, সারওয়ান ১, পোলার্ড ৩০, ডোয়াইন ১৯, রামদিন ১১*, সুনীল ১১, রোচ ৫*; ইরফান ৩/৩২, আজমল ২/৩৮, ওয়াহাব ২/৪২, হাফিজ ১/১৪)