ডুমিনির শতকে দক্ষিণ আফ্রিকার জয়
জেপি ডুমিনির অপরাজিত শতকে একমাত্র ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৮৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আমস্টিলভিনের ভিআরএ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রানে থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
পঞ্চম উইকেটে অধিনায়ক পিটার বোরেনের (৪৮) সঙ্গে এরিক সওয়ারজিনস্কির ৭০ রানের চমৎকার জুটির পরও লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি নেদারল্যান্ডস। দুর্ভাগ্য সওয়ারজিনস্কির, রান আউট হয়ে মাত্র ২ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন তিনি।
৬৭ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রবিন পিটারসন।
এর আগে ৩৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে কলিন ইনগ্রামের (৮২) সঙ্গে ডুমিনির ১৬১ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
চতুর্থ উইকেটে ফাফ দু প্লেসির (৪৩ বলে ৬২*) সঙ্গে ৭৯ বলে ডুমিনির ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সাড়ে তিনশ রানের কাছাকাছি নিয়ে যায়।
প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ডুমিনি (১৫০*)। তার ১১৯ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। চোটের কারণে নভেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন ডুমিনি।
