প্রকাশিত খবরের প্রতিবাদ কোয়াবের
কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটার কল্যাণ সমিতি (কোয়াব)।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২০ মে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “কোয়াবকে অবহিত না করে জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্রেণীবিভাগের বিরোধিতা করে চিঠি দিয়েছেন।”
“ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে কোয়াব নিশ্চিত হয়েছে, জাতীয় ক্রিকেটাররা বিসিবি সভাপতিকে কোনো চিঠি দেননি।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “জাতীয় দলসহ সব ক্রিকেটারের সমন্বয়েই কোয়াব তার সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্রেণীবিভাগ পদ্ধতি কোয়াব অত্যন্ত নিবিঢ় ভাবে পর্যবেক্ষন করছে।”
লিগের শ্রেণীবিভাগের ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে শিগগিরি কোয়াব ক্রিকেটারদের অবস্থান তুলে ধরবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
