নিউজিল্যান্ডকে হারাতে মরিয়া ইংল্যান্ড
গত মার্চে নিউজিল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজ অতি কষ্টে ড্র করেছিল তারা। ঘরের মাঠে তাই একই প্রতিপক্ষকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ ইংল্যান্ড।
এবার অবশ্য তিন নয়, দুই ম্যাচের সিরিজ। যার প্রথমটি শুরু হবে বৃহস্পতিবার থেকে, লর্ডসে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড এখন দ্বিতীয় স্থানে আর নিউজিল্যান্ডের অবস্থান অষ্টম।
ঘরের মাঠে ভালো করার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলার। তিনি বলেন, “নিউজিল্যান্ডে তারা (ইংল্যান্ড) তেমন ভালো খেলতে পারেনি। তবে দল হিসাবে খারাপ সময় কাটালেও তাদের বাতিলের খাতায় ফেলে দেয়া যাবে না।”
“নিউজিল্যান্ড ভালো দল ঠিকই, কিন্তু ঐ সফরে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা (ইংল্যান্ড) এর চেয়ে অনেক ভালো খেলতে সক্ষম। আমি আত্মবিশ্বাসী, এবার প্রমাণ করবে যে তারা অনেক ভালো দল।”
প্রথম টেস্টের আগে একটা সুখবর পেয়েছে অতিথি নিউজিল্যান্ড। চোট কাটিয়ে পেসার টিম সাউদি এখন সম্পূর্ণ সুস্থ।
