২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারের পথে ব্যাঙ্গালোর

প্রথমে বিরাট কোহলির ৯৯ রান, তারপর জয়দেব উনাদকটের ৫ উইকেট। দুজনের নৈপুণ্যে শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে নাটকীয়ভাবে ৪ রানে হারিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 06:42 PM

Updated : 13 Oct 2022, 02:51 PM

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোরের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করা দিল্লি আছে অষ্টম স্থানে।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৩ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানে থেমে যায় দিল্লির ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানে মাহেলা জয়াবর্ধনে (১৯), বীরেন্দর শেবাগ (১৮) ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (৪) বিদায়ে দিল্লি চাপে পড়ে।

চতুর্থ উইকেটে বেন রোহরারের (৩২) সঙ্গে উন্মুক্ত চাঁদের ৫৮ রানের জুটি খেলায় ফেরায় দিল্লিকে। ১১৮ রানে রোহরারের বিদায়ে পরও অবিচল ছিলেন উন্মুক্ত। সতের ওভারে উন্মুক্ত (৪১), কেদার যাদবকে (৮) ফিরিয়ে দিয়ে উনাদকট দিল্লিকে বড় একটা ধাক্কা দেন।

এরপরও চেষ্টা করেছিলেন ইরফান পাঠান (১১ বলে ২৩*) ও মর্নে মরকেল (১০ বলে ১৯)। শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ১৯ রান কিন্তু উনাদকটের সেই ওভারে ১৫ রানের বেশি নিতে পারেননি তারা।

২৫ রানে ৫ উইকেট নিয়ে উনাদকট ব্যাঙ্গালোরের সেরা বোলার।

এর আগে ৩২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে ব্যাঙ্গালোরের শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে মোইসেস হেনরিক্সের সঙ্গে কোহলির ৬৭ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।

দলীয় ৮৯ রানে হেনরিক্সের বিদায়ের পর এবি ডি ভিলিয়ার্স (১৭ বলে ৩২*) মাঠে নামলে খেলার চিত্র পাল্টে যায়। চতুর্থ উইকেটে ৯৪ রানের জুটি গড়েন তারা। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে আসে ৭৭ রান।

শেষ বলে রান-আউট হওয়ার আগে ৯৯ রান করেন কোহলি। তার ৫৮ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা। ব্যক্তিগত ১৪ রানে শেবাগের একবার জীবন পান তিনি।