ধোনির বিরুদ্ধে মামলা
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মামলা হয়েছে।
ব্যাঙ্গালোরের একটি আদালতে মামলাটি করেছেন সমাজকর্মী জয়কুমার হিরেমাথ।
সম্প্রতি প্রকাশিত ‘বিজনেস টুডে’ পত্রিকার প্রচ্ছদে দেবতা বিষ্ণুর মতো সজ্জিত ধোনির ছবি প্রকাশিত হয়েছে। যে ছবিতে তার অনেকগুলো হাতে মোবাইল সেট, চিপস, কোমল পানীয় ইত্যাদির সঙ্গে জুতাও আছে।
হিরেমাথ অভিযোগ করে বলেন, “এভাবে ছবি তুলে ধোনি দেবতা বিষ্ণুকে অসম্মান করেছেন এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।”
ভারতীয় পেনাল কোডের ২৯৫ ও ৩৪ ধারা অনুযায়ী ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে মামলা হয়েছে।
