২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই ক্যালিস

অনেক দিন ধরেই তিনি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের বাইরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন না জ্যাক ক্যালিস। বৃহস্পতিবার ঘোষিত দলে তার নাম নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস অবশ্য ব্যক্তিগত কারণে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটিতে খেলতে অনাগ্রহী। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ওয়ানডে দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসন বলেন, “জ্যাকের (ক্যালিসের) অভিজ্ঞতার অভাব দল অনুভব করলেও তার অনুপস্থিতি ডেভিড মিলারকে জায়গা করে দিয়েছে। তার (মিলারের) সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। ২০১৫ বিশ্বকাপের জন্য একজন তরুণ খেলোয়াড়ের নিজেকে প্রমাণের সুযোগও এটা।” ক্যালিসের অনুপস্থিতি ছাড়া উল্লেখযোগ্য ঘটনা, বাঁহাতি ব্যাটসম্যান জেপি ডুমিনির ফেরা এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের বাদ পড়া।

গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর থেকে দলের বাইরে ছিলেন ডুমিনি। আর এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন ডি কক।

দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, কলিন ইনগ্রাম, রোরি ক্লাইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন ও লনওয়াবো সোতসোবে।