২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ আফ্রিদি

পাকিস্তানের ওয়ানডে দলে দলে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ অলরা্উন্ডার শহীদ আফ্রিদি। তার দাবি, তিনি এখনো দলের ‘বেশির ভাগ ক্রিকেটারের চেয়ে ভালো।’

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দুটি ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি আফ্রিদির।

বাদ পড়ার জন্য পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে দায়ী করেন আফ্রিদি। পাকিস্তানের দৈনিক ‘জং’ পত্রিকাকে তিনি বলেন, “আমাকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত অধিনায়কের (মিসবাহ-উল-হক)। অধিনায়কের একজন ক্রিকেটারকে দলে রাখতে না চাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে ক্রিকেটে একজন খেলোয়াড়ের দলে আসা-যাওয়া সাধারণ ব্যাপার। এটা প্রায়ই হয় আর আমিও শিগগিরি দলে ফিরব।”

“আমি এখনো দলের বেশির ভাগ ক্রিকেটারের চেয়ে ভালো। আমি জানি, আমার মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি। এবং আরো কয়েক বছর আমি পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে সক্ষম। খেলোয়াড়রা তো দল থেকে বাদ পড়েই থাকে। আমি শুধু আমার ভক্তদের আমার জন্য প্রার্থনা করার অনুরোধ জানাবো।”

আফ্রিদির বাদ পড়া অবশ্য অপ্রত্যাশিত নয়। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ছিল অনুজ্জ্বল। চার ইনিংসের একটিতে ৮৮ রান করলেও সব মিলিয়ে তার রান ছিল ১২৬। আর ৩৭ ওভার বল করলেও কোনো উইকেট পাননি। ২০১২ সালের শুরু থেকে এ পর্যন্ত ২১টি ওয়ানডে খেলে ১৫ উইকেট নিয়েছেন আফ্রিদি। এর পাঁচটিই এসেছে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে। ঘরোয়া ক্রিকেটেও ছন্দ খুঁজে পাচ্ছেন না ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক। গত মাসে একটি ঘরোয়া প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলে সব মিলিয়ে করেন ৭০ রান, উইকেট নেন মাত্র তিনটি। তবু জুনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে আফ্রিদি মর্মাহত। তিনি বলেন, “ইংল্যান্ড সফরের জন্য আমি অনুশীলন শুরু করেছিলাম। আমি আবারো বলতে চাই, দলের বোঝা হয়ে ওঠার আগেই আমি সরে দাঁড়াব। আমি বুঝতে পারছি, দলে ফেরার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।”