বাংলাদেশ গেমস ক্রিকেটে রাজশাহী চ্যাম্পিয়ন
অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের শিরোপা জিতেছে রাজশাহী। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫ উইকেটে রংপুরকে হারিয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে রংপুর। সর্বোচ্চ ৩৮ রান আলাউদ্দিন বাবুর। অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ২৮ রানে অপরাজিত থাকেন।
রাজশাহীর পক্ষে দেলোয়ার হোসেন ও মুক্তার আলী তিনটি করে উইকেট নেন।
জবাবে এক ওভার হাতে রেখে, ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ৬৪ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। ফরহাদ হোসেন ২৮ রান করেন।
ফাইনাল-টুর্নামেন্ট দুটোরই সেরা খেলোয়াড় সাব্বির।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খুলনাকে ৭৫ রানে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ঢাকা মেট্রো।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করে ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৫৩ রান মার্শাল আইয়ুবের।
জবাবে ১৮ ওভার ২ বলে ৯৬ রানে অলআউট হয়ে যায় খুলনা। ২৯ রানে অপরাজিত থাকেন তাপস ঘোষ।
বিজয়ী দলের আরাফাত সানি, আসিফ আহমেদ ও বিশ্বনাথ হালদার দুটি করে উইকেট নেন।
