২৭২ রানে এগিয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৭২ রানে এগিয়ে বাংলাদেশ। শনিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৩ রান।
এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২৮২ রানে শেষ করে দিয়ে ১০৯ রানের লিড পায় মুশফিকুর রহিমের দল।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ব্যাটে না লাগলেও উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস বল পায়ে লাগার পরও এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোহাম্মদ আশরাফুল।
দুই ভুল সিদ্ধান্তের সঙ্গে জহুরুল ইসলামের ব্যর্থতার যোগফলে ১৮ রানেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
চতুর্থ উইকেটে মমিনুল হকের সঙ্গে ৪৭ ও পঞ্চম উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৮৪ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন সাকিব আল হাসান।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও একই ভাবে আউট হয়েছেন সাকিব। অর্ধশতক পৌঁছানোর পর হ্যামিল্টন মাসাকাদজার বল এগিয়ে এসে মারতে গিয়ে মুতুমবামির হাতে ধরা পড়েন তিনি।
দিনের বাকি সময়টুকু নাসির হোসেনকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দিয়েছেন মুশফিক।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে শিঙ্গিরাই মাসাকাদজা জিম্বাবুয়ের সেরা বোলার।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।
আগের দিনের ৬১ রানের জুটিকে এদিন বেশি দূর এগিয়ে নিতে পারেননি এল্টন চিগুম্বুরা ও ম্যালকম ওয়ালার।
দিনের চতুর্থ ওভারে ওয়ালারকে সাকিবের ক্যাচে পরিণত করে অতিথিদের প্রথম সাফল্য এনে দেন অফস্পিনার সোহাগ গাজী। ষষ্ঠ উইকেটে মুতুমবামির সঙ্গে ৮৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন চিগুম্বুরা।
দ্বিতীয় নতুন বলে ব্যক্তিগত ২৪ রানে রবিউল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লেও নো বলের কল্যাণে বেঁচে যান মুতুমবামি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেন নি তিনি। রবিউলের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
মধ্যাহ্ন-বিরতির ঠিক আগের ওভারের তৃতীয় বলে চিগুম্বুরাকে (৮৬) বোল্ড করে স্বাগতিকদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন রবিউল। তার ১১১ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা।
মধ্যাহ্ন-বিরতির পর স্বাগতিকদের ইনিংস বেশিদূর এগোয় নি। জিয়াউর রহমানের বলে রবিউলের হাতে একবার জীবন পাওয়া কিগান মেথকে মুশফিকের ক্যাচে পরিণত করে দ্বিতীয় সেশনে দলকে প্রথম সাফল্য এনে দেন সোহাগ।
পরের ওভারে শিঙ্গিরাইকে মুশফিকের ক্যাচে পরিণত করে টানা দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান রবিউল। এরপর কাইল জার্ভিস সোহাগের বলে বোল্ড হলে অতিথিদের বড় লিড নিশ্চিত হয়ে যায়।
৮৫ রানে ৫ উইকেট নিয়ে রবিউল বাংলাদেশের সেরা বোলার। সোহাগ ৪ উইকেট নেন ৫৯ রানে।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৯১ (সাকিব ৮১, নাসির ৭৭, মুশফিক ৬০, নাসির ৭৭; চিগুম্বুরা ৩/৭৫) ও ১৬৩/৫ (তামিম ৭, জহুরুল ২, আশরাফুল ৪, মমিনুল ২৯, সাকিব ৫৯, মুশফিক ৫০*, নাসির৬; শিঙ্গিরাই ৩/৩৩, হ্যামিল্টন ১/১০, জার্ভিস ১/৫২)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৮২ (সিবান্দা ১০, চাকাবভা ১২, হ্যামিল্টন ১৪, টেইলর ৩৬, ওয়ালার ৩২, চিগুম্বুরা ৮৬, মুতুমবামি ৪২, ক্রেমার ১১*, মেথ ১৬, শিঙ্গিরাই ৫, জার্ভিস ০; রবিউল ৫/৮৫, সোহাগ ৪/৫৯, সাকিব ১/৬৬)
