২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেক এগিয়ে দিলেন অনূর্ধ্ব-১৯ দলকে

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে নাটকীয়ভাবে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৯৮ রানের চমৎকার ইনিংস খেলে বাংলাদেশের তরুণদের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৭ রান করে শ্রীলঙ্কা। সহজ জয়ের পথে এগিয়ে যেতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছায় শেষ বলে।

৬৯ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে গেলেও জয়রাজ শেখ ইমনের (৭৪) সঙ্গে ১২৬, আবু সায়েমের (৮ বলে ১৮) সঙ্গে ৩৭ ও ইয়াসির আলী চৌধুরীর (১১ বলে অপরাজিত ২১) ৪৪ রানের তিনটি ভালো জুটি গড়ে দলকে জয় এনে দেয়ার কৃতিত্ব মোসাদ্দেকের।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলা মোসাদ্দেক অল্পের জন্য শতক পাননি। ১১৯ বলে ১০টি চার সহ ৯৮ রান করে লকশন জয়াসিংহের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ৪৯তম ওভারের পঞ্চম বলে মোসাদ্দেক ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে বিদায় নেয়ার সময় জয়ের জন্য মাত্র দুই রান লাগতো বাংলাদেশের। কিন্তু ঐ দুই রান তুলতেই অনেক ঘাম ঝরাতে হয় স্বাগতিক ব্যাটসম্যানদের। রমেশ মেন্ডিসের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলে তিন জন আউট হন, রান হয় একটি। তবে শেষ বলে মুস্তাফিজুর রহমানের চার শেষ পর্যন্ত স্বস্তির জয় এনে দেয় স্বাগতিক দলের তরুণদের। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে রমেশ মেন্ডিস শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। এর আগে কুশল মেন্ডিসের (৪৭) সঙ্গে ৮১ ও সান্দুন বীরাক্কডির (৬৫) সঙ্গে ৯৩ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন সামারাবিক্রমা (৮৩)। ৬০ রানে ৩ উইকেট নেন স্পিনার যুবায়ের হোসেন। শনিবার মিরপুর স্টেডিয়ামেই চতুর্থ ওয়ানডে।