২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে গেইলের তাণ্ডব

ক্রিস গেইলের বিস্ময়কর ইনিংসে আইপিএলে মঙ্গলবারের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্সকে সহজেই ১৩০ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৬৩ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৯ উইকেটে ১৩৩ রানে থেমে যায় পুনের ইনিংস।

ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির অনেক রেকর্ডই নতুন করে লিখিয়েছেন গেইল। মাত্র ৩০ বলে শতরানে পৌঁছে ভেঙ্গেছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সায়মন্ডসের রেকর্ড। ২০০৪ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের বিপক্ষে ৩৪ বলে শতক করেছিলেন তিনি।

যে কোনো ধরনের ক্রিকেটেও সবচেয়ে কম বলে শতকের রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যানের।

আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে শতকে পৌঁছানোর কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির।

টেস্টে ৫৬ বলে দ্রুততম শতকের পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। আর ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতকে পৌঁছানোর কৃতিত্ব পাকিস্তানের শহীদ আফ্রিদির।

১৭৫ রানে অপরাজিত গেইলের ৬৬ বলের ইনিংসে ১৭টি ছক্কা ও ১৩টি চার। ২০০৮ সালে সাসেক্সের বিপক্ষে এসেক্সের গ্রাহাম নেপিয়ারের গড়া ১৬ ছক্কার রেকর্ড ভেঙ্গেছেন গেইল।

পেছনে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামকেও। ২০০৮ সালে সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যঙ্গালোরের বিপক্ষে ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম। এতদিন এটাই ছিল টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ।

ব্যাঙ্গালোরের ২৬৩ টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। আর আইপিএলে ২০১০ সালে রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২৪৬ রান করেছিল চেন্নাই সুপার কিংস।

শেষ দিকে মাত্র ৮ বলে ৩টি করে ছক্কা ও চারে ৩১ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলা এবি ডি ভিলিয়ার্সেরও এতে দারুণ অবদান।

ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশানের সঙ্গে গেইলের ১৬৭ রানের জুটি ব্যাঙ্গালোরকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দিলশানের বিদায়ের পর প্রায়ই একাই খেলেছেন গেইল।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুনে লড়াই গড়ে তুলতে পারেনি। সর্বোচ্চ ৪১ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান মিচেল মার্শের।

ব্যাঙ্গালোরের পক্ষে গেইল, রবি রামপল ও জয়দেব উনাদকাত দুটি করে উইকেট নেন।