লিগ শুরু হওয়ার সবুজ সঙ্কেত
কিছু দিনের মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর সময়সূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের(সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস।
লিগ শুরু করা ছাড়াও দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বকেয়া আদায় নিয়েও আন্দোলন করছেন ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে সিসিডিএম সভাপতি বলেন, “বিপিএলের টাকা ফ্র্যাঞ্চাইজিগুলো দিতে না পারলে বিসিবি দেবে। জুনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সব টাকা পরিশোধ করার কথা। এর অন্যথা হলে বিসিবি আইনী পদক্ষেপ নেবে।”
কোয়াবের সভাপতি ও বিসিবির অ্যাডহক কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, “বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা সফল হওয়ায় ক্রিকেটাররা আশ্বস্ত। তাদের একটাই চাওয়া, এক-দুই মাস পরে হলেও লিগ যেন শুরু হয়।”
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, “বিসিবি সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী লিগ শুরু করার ঘোষণা না এলে কোয়াব পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।”
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবিলম্বে লিগ শুরু ও বিপিএলের বকেয়া আদায়ের জন্য বিক্ষোভ করে কোয়াব। এতে প্রায় ৬০ জন ক্রিকেটার অংশ নেন। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সভা করে।
