২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের জন্মদিনের উপহার

আগামী বুধবার শচীন টেন্ডুলকারের ৪০তম জন্মদিন। তার ঠিক আগে দারুণ এক উপহার পেলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার মোমের মূর্তি উন্মোচিত হয়েছে। এরপর তা রাখা হবে মাদাম তুসো যাদুঘরের সিডনি শাখায়।

জন্মদিনের এমন চমৎকার উপহার পেয়ে টেন্ডুলকার উচ্ছ্বসিত। ভারতের ব্যাটিং-কিংবদন্তি বলেন, “কাকতালীয়ভাবে এটা (মূর্তি উন্মোচন) আমার জন্মদিনের কাছাকাছি সময়ে হচ্ছে। এটা দারুণ ব্যাপার।”

স্যার ডন ব্র্যাডম্যান ও শেন ওয়ার্নের মূর্তির পাশে রাখা হবে টেন্ডুলকারের মুর্তিটি। সেজন্য তিনি গর্বিত। টেন্ডুলকার বলেন, “যে কোনো ব্যাপারে স্যার ডনের (ব্র্যাডম্যান) সঙ্গে নাম উচ্চারিত হওয়া দারুণ সম্মানজনক। আমি সত্যিই খুশি ও রোমাঞ্চিত। ব্র্যাডম্যান ও ওয়ার্ন সত্যিকারের চ্যাম্পিয়ন। তাদের পাশে থাকতে পারা আমার জন্য বিশেষ কিছু।”

১৫ বছর আগে ৯০তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্র্যাডম্যানের অ্যাডিলেইডের বাড়িতে গিয়েছিলেন টেন্ডুলকার। সে সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ন। সেদিনের কথা আজো তার স্মৃতিতে উজ্জ্বল।

এ প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, “সেটা ছিল আমার জন্য বিশেষ অভিজ্ঞতা, আমার জীবনের অন্যতম প্রধান ঘটনা। এরপর ওয়ার্নির (ওয়ার্ন) সঙ্গে আমার যতবার দেখা হয়েছে, ততবারই ঐ দিনটা নিয়ে আমরা কথা বলেছি।”

প্রিয় মাঠে মূর্তি উন্মোচিত হওয়া টেন্ডুলকারের জন্য আরেকটি খুশির কারণ। তিনি বলেন, “এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) আমার প্রিয় মাঠ। এই মাঠে আমার বেশ কিছু দারুণ স্মৃতি আছে।”

মাদাম তুসো যাদুঘরের প্রধান শাখা লন্ডনে। বিশ্বের ১৪টি শহরে মোমের মূর্তির এই যাদুঘরের শাখা আছে।