২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই উমর গুল

পাকিস্তানের জন্য দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে আগামী জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার উমর গুল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

চোটের কারণে অন্তত ১২ সপ্তাহ মাঠের থাকতে হবে গুলকে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ৬ জুন থেকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, “দক্ষিণ আফ্রিকা সফরে ডান হাঁটুতে ব্যথা পেয়েছিলেন গুল। সে সময় তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। পাকিস্তানে ফেরার পর এমআরআই স্ক্যানে তার হাঁটুতে সমস্যা ধরা পড়ে।” ২৯ বছর বয়সী গুলের আগামী মাসে অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলার পর চোট পান গুল। বাকি তিন ম্যাচে আর খেলতে পারেননি তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।