২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী পাকিস্তান

চার বছর ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট না হলেও ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশারাফ এরই মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।

পিসিবির প্রধান পরিচালনা কর্মকতা সুবহান আহমেদ জানিয়েছেন, “২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব এখনো কেউ পায়নি। আমরা তাই আয়োজক হওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ২০১৮ সালে আমাদের বড় কোনো প্রতিযোগিতা আয়োজন না করার ২২ বছর পূর্ণ হবে। এটা একদমই ঠিক নয়।”

১৯৯৬ বিশ্বকাপে সর্বশেষ গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্ট আয়োজনের সম্মান পেয়েছিল পাকিস্তান।

২০১১ বিশ্বকাপে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজকের দায়িত্ব পেলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে কোনো খেলা হয়নি।

২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ।

এদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে বোর্ড কর্মকর্তা নির্বাচনের জন্য আইসিসির নির্দেশনা অনুযায়ী নতুন সংবিধান তৈরি করেছে পিসিবি। এর একটি কপি আইসিসি প্রধান অ্যালান আইজ্যাকের কাছে হস্তান্তর করেছেন জাকা আশরাফ।

গত বছর আইসিসি ২০১৩ সালের মধ্যে পূর্ণ সদস্য ১০টি দেশের ক্রিকেট বোর্ড গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে গঠনের আদেশ জারি করে।

এই নিয়মে সবচেয়ে সমস্যায় পড়ে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কারণ এই তিনটি দেশের ক্রিকেট বোর্ড প্রধান সরকার মনোনীত হয়ে থাকেন।

শ্রীলঙ্কা অবশ্য কয়েক দিন আগে গণতান্ত্রিক পদ্ধতিতে বোর্ড প্রধান নির্বাচিত করেছে।