২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ

প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের গড়া ৩৮৯ রানের ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট ৯৫ রান করেছে অতিথিরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

জহুরুল ইসলাম ৩৮ ও মোহাম্মদ আরাফুল ২৩ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

বৃহস্পতিবার তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে অতিথিদের সাবলীল সূচনা এনে দিয়েছিলেন জহুরুল ও শাহরিয়ার নাফীস। কাইল জার্ভিসের বলে টিমিসেন মারুমার হাতে নাফীস ধরা পড়লে ভাঙ্গে ৫৩ রানের উদ্বোধনী জুটি।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ উইকেটে ২১৭ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।

শুরুতেই অতিথিদের সাফল্য এনে দেন দুই পেসার রুবেল হোসেন ও রবিউল ইসলাম। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফিরতি ক্যাচ নিয়ে এল্টন চিগুম্বুরাকে সাজঘরে ফেরত পাঠান রুবেল। অভিষিক্ত রিচমণ্ড মুতুমবামিকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন রবিউল।

২৩৮ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া জিম্বাবুয়েকে টেনে তোলার কৃতিত্ব ব্রেন্ডন টেইলর ও ক্রেম ক্রেমারের। শুরুতেই একবার করে এলবিডব্লিউর খুব জোরালো আবেদন থেকে বেঁচে গিয়ে ১০৬ রানের জুটি গড়েন তারা।

অতিথিদের জন্য বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙ্গেন অফস্পিনার সোহাগ গাজী। স্লিপে ক্রেমারকে দুর্দান্ত ক্যাচে পরিণত করা মাহমুদুল্লাহ রিয়াদের অবদানও কম নয়। ক্রেমারের বিদায়ের কোনো রান যোগ না করেই তাকে অনুসরণ করেন টেইলর।

এনামুল হক জুনিয়রের বল সুইপ করতে গিয়ে মুশফিককে ক্যাচ দেন প্রথম দিন ব্যক্তিগত ৩৫ রানে নাফীসের হাতে জীবন পাওয়া টেইলর (১৭১)। দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচ ধরে জিম্বাবুয়ের অধিনায়ককে ফেরান মুশফিক।

টেইলরের ৩২৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা। এটি তার ব্যক্তিগত এবং অতিথিদের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ঢাকায় টাটেন্ডা টাইবু ১৫৩ রান করেছিলেন।

এরপরও অষ্টম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে অভিষিক্ত কেগান মেথ ও শিঙ্গিরাই মাসাকাদজা জিম্বাবুয়েকে চারশ রানের সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৮ রানের ব্যবধানে এনামুল মেথকে এবং সোহাগ শিঙ্গিরাইকে ফিরিয়ে দিলে সে পর্যন্ত যেতে পারেনি স্বাগতিকরা।

চোট সম্পূর্ণ সেরে না উঠায় এই ম্যাচে সাকিব আল হাসান বল করবেন না বলে জানিয়েছিল অতিথিরা। টেইলর-ক্রেমারের জুটি ভাঙ্গতে শেষ পর্যন্ত মধ্যাহ্ন-বিরতির আগে সাকিবকেও আক্রমণে আনেন মুশফিক।

বাংলাদেশের পক্ষে রবিউল ও এনামুল তিনটি করে উইকেট নেন। সোহাগ ও রুবেল নেন দুটি করে উইকেট।

দুই দেশের টেস্ট লড়াইয়ে সবচেয়ে সফল বোলার এনামুল। স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নেমে নিয়েছেন ২১ উইকেট। এর আগে ৬ টেস্টে ২১ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জিম্বোবুয়ের হিথ স্ট্রিক।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৮৯ (মারুমা ১০, সিবান্দা ৫, হ্যামিল্টন মাসাকাদজা ২৫, টেইলর ১৭১, ওয়ালার ৫৫, চিগুম্বুরা ১২, মুতুমবামি ১১, ক্রেমার ৪২, মেথ ২১, শিঙ্গিরাই মাসাকাদজা ২১, জার্ভিস ৩*; রবিউল ৩/৮৪, এনামুল ৩/১৩৩, সোহাগ ২/৫৫, রুবেল ২/৮৭)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৫/১ (জহুরুল ৩৮*, নাফীস ২৯, আশরাফুল ২৩*, জার্ভিস ১/৩৯)