২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আসছে আইসিসি পরিদর্শক দল

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি পরিদর্শক দল এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম এ কথা জানিয়েছেন। আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পুরুষ এবং কক্সবাজারে মহিলাদের বিশ্বকাপ হবে। মেয়েদের প্রতিযোগিতার জন্য বিকেএসপির দুটি মাঠও বিকল্প হিসাবে বিসিবির বিবেচনায় আছে। এই ভেন্যুগুলোর মধ্যে একমাত্র ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত মিরপুর স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। ফতুল্লা ও চট্টগ্রামের স্টেডিয়াম দুটির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। এছাড়া বিসিবি জানিয়েছে, সিলেট স্টেডিয়ামে এখনো দুই মাসের কাজ বাকি। কক্সবাজার স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। একই সঙ্গে অনুশীলনের জন্য কক্সবাজার জেলা স্টেডিয়ামকেও প্রস্তুত করবে বিসিবি।

আইসিসির পরিদর্শক দলের প্রতিবেদন থেকেই বিসিবি জানতে পারবে, বিশ্বকাপের জন্য আর কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন।