২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে বাংলাদেশ দল

এক মাসের সফরে বৃহস্পতিবার রাতে জিম্বাবুয়ে পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম এ তথ্য জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ এপ্রিল থেকে হারারেতে প্রথম টেস্ট।

২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হেরে যাওয়ার পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও ৩-২ ব্যবধানে হার মেনেছিল বাংলাদেশ।

এবার দুবাই থেকে বাংলাদেশ দলের সঙ্গে স্পিন পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাকলায়েন মুশতাক। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিন বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দুর্দশা প্রকটভাবে ফুটে উঠেছিল।

বাংলাদেশের স্পিন আক্রমণ এমনিতেই ভালো। তার ওপরে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলায়েন আছেন দলের সঙ্গে। জিম্বাবুয়ে তাই মুশফিকুর রহিমের দলকে নিয়ে বেশ দুশ্চিন্তায়।

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসাবে নির্দ্বিধায় রায় দিচ্ছেন জিম্বাবুয়ের সহকারী কোচ স্টিভ ম্যানগংগো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ খুবই ভালো দল। এখন তারা দারুণ ছন্দেও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ খেলেছে। আমরা তাদের সমীহের চোখেই দেখছি।”

ম্যানগংগো আরো বলেন, “বাংলাদেশকে হারাতে হলে আমাদের দলের প্রত্যেককে খুবই ভালো খেলতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। বিশেষ করে স্পিন বলের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিনারদের বিপক্ষে ভীষণ বাজে খেলেছি আমরা।”