২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হার

হার দিয়েই ভারত সফর শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ওয়ানডেতে অতিথিদের ৫৮ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ১৫৪ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে ৪১ ওভার ১ বলে ৯৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচজন দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কখনো জয়ের সম্ভাবনা জাগাতে পারে নি বাংলাদেশ। বিশের কোটায় পৌঁছান কেবল অধিনায়ক সালমা খাতুন (২২)। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান পান্না ঘোষের।

১৫ রানে ৩ উইকেট নিয়ে পুনম যাদব ভারতের সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক হারমানপ্রীত কাউরের ২৯ ও স্মৃতি মান্ধানার ২৩ রান ভারতকে ৪ উইকেটে ১০১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।

হারমানপ্রীত সাজঘরে ফেরার পর নিয়মিত উইকেট হারালেও স্বাগতিকা রাথের ৩০ রানের সুবাদে দলের রান দেড়শ পেরুয়।

২০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রুমানা আহমেদ। ১১ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম চার উইকেট নিলেন রুমানা।