দ্বিতীয় ম্যাচেই কলকাতার হার
প্রথম ম্যাচ জিতে আইপিএলে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের কাছে ১৯ রানে হার মেনেছে গতবারের চ্যাম্পিয়নরা
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করে রাজস্থান। জবাবে ১৯ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় কলকাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় কলকাতা। সেখান থেকে দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেছিলেন এউইন মর্গান।
কিন্তু উনিশতম ওভারের প্রথম বলে কেভন কুপারের বলে মর্গান (৫১) বোল্ড হয়ে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে আর পেরে উঠেনি কলকাতা। মর্গানের ৩৮ বলের ইনিংসে ৩টি করে ছক্কা ও চার।
রাজস্থানের পক্ষে কুপার ও সিদ্ধার্থ ত্রিবেদী তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া রাজস্থানকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন অজিঙ্কা রাহানে ও ব্র্যাড হজ। দলের রান একশ পেরুনোর পর সাজঘরের পথ ধরার আগে ৩৬ রান করেন রাহানে।
রাহানের বিদায়ের পর দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান হজ। ৪৬ রানে অপরাজিত থাকা হজের ৩১ বলের ইনিংসে ৭টি চার।
২৮ রানে ২ উইকেট নিয়ে সুনীল নারায়ণ কলকাতার সেরা বোলার।
