ব্যাঙ্গালোরের নাটকীয় জয়
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে নাটকীয়ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৫ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকারের (২৩) সঙ্গে অধিনায়ক রিকি পন্টিংয়ের ৫২ রানের উদ্বোধনী মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়। ৬২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পন্টিং (২৮) বিদায় নিলে খেলায় ফেরে ব্যাঙ্গালোর।
এরপর রোহিত শর্মা (১১) দ্রুত বিদায় নিলে অস্বস্তিতে পড়ে মুম্বাই। সেখান থেকে চতুর্থ উইকেটে ৫ ওভার ৪ বলে দীনেশ কার্তিকের সঙ্গে অম্বাতি রাইডুর ৬০ রানের জুটি দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়।
৩৭ বলে ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ রান করার পথে ড্যান ক্রিস্টিয়ানের করা ১৭তম ওভারে ২৪ রান নেন কার্তিক।
জয়ের জন্য শেষ ওভারে দশ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের।। দ্বিতীয় ও তৃতীয় বলে কার্তিক ও রাইডুকে (১৮) বিদায় করে মুম্বাইকে ভীষণ বিপদে ফেলে দেন আর বিনয় কুমার।
শেষ দুই বলে প্রয়োজন ছিল ৮ রান, পঞ্চম বলে বোলারের মাথার ওপর দিয়ে চার হাঁকিয়ে মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখেন কাইরন পোলার্ড। অল্পের জন্য ছক্কা হয়নি পোলার্ডের প্রিয় শটটি। সেটি হয়ে গেলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারত। শেষ বল থেকে একরানের বেশি নিতে না পারায় হার এড়াতে পারেনি মুম্বাই।
২৭ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার বিনয় কুমার।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির ১৪ বলে ২৪ রানের পরও ৩১ রানে ৩ উইকেট হারানো ব্যাঙ্গালোরের শুরুটা ভালো হয় নি।
প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৫৯ রান করা ব্যাঙ্গালোরের রান দেড়শ পেরুয় উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের কৃতিত্বে। শুরুতে বেশ সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ষষ্ঠ উইকেটে অরুণ কার্তিকের (১৯*) সঙ্গে ৭ ওভার ২ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া গেইল অপরাজিত থাকেন ৯২ রানে। তার ৫৮ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও ১১টি চার সমৃদ্ধ।
৩২ রানে ৩ উইকেট নিয়ে জাসপিত বামরাহ মুম্বাইয়ের সেরা বোলার।
