২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক ভালো খেলে তুষ্ট মুশফিকুর

গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কায় ধারাবাহিকভাবে ভালো খেলাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন বলে মনে করেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুশফিক বলেন, “শ্রীলঙ্কায় পরিকল্পনা মত খেলতে পারাকে আমার কাছে সবচেয়ে বড় অর্জন বলে মনে হয়েছে। শ্রীলঙ্কার মত বড় একটি দলের বিপক্ষে তাদের মাটিতে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পেরেছি।”

“শ্রীলঙ্কা সফরে আমাদের অর্জন অনেক। টেস্টে দলীয় ও ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছি আমরা। গল টেস্ট ড্র হয়েছে। ওয়ানডে সিরিজ ড্র করতে পেরেছি,” যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও প্রথমবারের মত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্রয়ের (১-১) কৃতিত্ব দেখায় অতিথিরা।

চোটের কারণে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, শাহরিয়ার নাফীসদের পায়নি বাংলাদেশ। একটি করে টেস্ট ও ওয়ানডে খেলেই সফর শেষ হয় উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। তাদের অনুপস্থিতির পরও ভালো খেলার জন মুশফিক কৃতিত্ব দিলেন নতুনদের।

“দলে পারফরমার ক্রমশ বাড়ছে। বিকল্প হিসেবে যারা দলে এসেছেন তারা ভালো করেছেন। আর নতুন যারা এসেছে তারাও নিজেদের প্রমাণ করেছেন।”

শ্রীলঙ্কা সফরের পারফম্যান্স ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সফরে কাজে লাগবে জানিয়ে মুশফিক বলেন, “জিম্বাবুয়েতেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। তবে দেশের বাইরে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

প্রথমে দলে না থাকলেও নাফীসের চোটের কারণে দলে ফিরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। নিজেকে প্রমাণের সুযোগ কাজে লাগাতে পেরে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, “আমি ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ব্যাটিংয়ে আরো উন্নতি করতে চাই।”