বাংলাদেশের হার ১৭ রানে
একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।
রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১৮১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে শামসুর রহমানের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের (২৭ বলে ৪৩) বিদায়ও বিতর্কিত সিদ্ধান্তে। থিসেরারা পেরেরার করা অষ্টম ওভারে দুটি ছক্কা ও চার হাঁকানোর পর লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বলে এলবিডব্লিউয়ে পরিণত হন তিনি।
এরপরও অতিথিদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ।
পনেরতম ওভারে সচিত্র সেনানায়েকের বাজে একটি বল এগিয়ে এসে মারতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে মুশফিক (২৯ বলে ৩৯) বিদায় নিলে ভাঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে তাদের ৫০ রানের জুটি। পরের বল্যে তিনরান নিতে গিয়ে মাহমুদুল্লাহও (১৮ বলে ৩১) বিদায় নিলে আর পেরে উঠেনি বাংলাদেশ।
১৬ বলে মমিনুল হকের অপরাজিত ২৬ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
শ্রীলঙ্কার পক্ষে থিসেরা পেরেরা ও ম্যাথিউস দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে কুশল জেনিথ পেরেরার আক্রমণাত্মক ব্যাটিং শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেয়। বাংলাদেশের বোলারদের ভীষণ এলোমেলো বোলিং ও বাজে ফিল্ডিং স্বাগতিকদের কাজ আরো সহজ করে দেয়।
শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন নি।
তারপরও কুশল পেরেরার ৪৪ বলে ৪টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ ৬৪ রান স্বাগতিকদের ১২ ওভারে পৌঁছে দেয় শতরানে। মুশফিকের ক্যাচে পরিণত হয়ে তাকে বিদায় করার কৃতিত্ব মাহমুদুল্লাহর।
পঞ্চম উইকেটে জীবন মেন্ডিসের (১৭ বলে ৩৭) সঙ্গে ৩৫ বলে ৬৬ ও ষষ্ঠ উইকেটে থিসেরা পেরেরার (৭ বলে অপরাজিত ২২) সঙ্গে ম্যাথিউসের ১৩ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি দুশ রানের কাছাকাছি নিয়ে যায় স্বাগতিকদের। শেষ ৫ ওভার থেকে ৭৫ রান নেয় তারা।
শ্রীলঙ্কা ইনিংসের ১৯তম ওভারে ২৪ রানসহ ৪ ওভারে ৫৪ রান দেয়া শাহাদাত হোসেন অতিথিদের সবচেয়ে খরুচে বোলার। অতিরিক্ত খাত থেকে স্বাগতিকরা পেয়েছে ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৯৮/৫ (কুশল পেরেরা ৬৪, মুনাবিরা ৫, চান্দিমাল ৯, থিরিমান্নে ৫, ম্যাথিউস ৩০*, মেন্ডিস ৩৭, থিসেরা পেরেরা ২২*; মাহমুদুল্লাহ ১/২৮, সোহাগ ১/৩০, রাজ্জাক ১/৩৯, রুবেল ১/৪০)
বাংলাদেশ: ১৮১/৭ (আশরাফুল ৪৩, শামসুর ০, জহুরুল ১১, মুশফিক ৩৯, নাসির ৮, মাহমুদুল্লাহ ৩১, মমিনুল ২৬*, সোহাগ ৯, রাজ্জাক ৬*; থিসেরা পেরেরা ২/২৫, ম্যাথিউস ২/৩৭, মালিঙ্গা ১/২৭, সেনানায়েকে ১/২৯)
