২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইডার এখন বিপদমুক্ত

দৃর্বত্তদের হামলায় গুরুতর আহত নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার ‘কোমা’ থেকে বেরিয়ে এসেছেন। শনিবার রাইডারের ব্যবস্থাপক অ্যারন ক্লি এ কথা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ক্লি বলেন, “জেসির (রাইডারের) অবস্থার আরেক ধাপ উন্নতি হয়েছে। সে কোমা থেকে বেরিয়ে এসেছে এবং তার অক্সিজেন মাস্কও খুলে নেয়া হয়েছে। জেসি আমাদের সঙ্গে কথা বলতে পারছে।”

“আমরা তার অবস্থার উন্নতিতে দারুণ খুশি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে তাকে আরো লড়াই করতে হবে। তবে উন্নতির গতি আশাব্যঞ্জক” যোগ করেন তিনি।

জ্ঞান ফিরলেও হামলার ঘটনার কিছুই মনে করতে পারছেন না রাইডার। সেদিন সকালে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে ওয়েলিংটনের হয়ে শুন্য রানে আউট হওয়ার কথা শুধু মনে আছে তার।

বৃহস্পতিবার গভীর রাতে একটি বার কাম রেস্তোরাঁর সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাইডারকে ক্রাইস্টচার্চ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হামলায় তার মাথার কয়েক জায়গা ফেটে যায় এবং ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও বেশ কয়েক বার মদ্যপান করে ঝামেলায় জড়িয়েছিলেন ২৮ বছর বয়সী রাইডার। ক্রাইস্টচার্চ পুলিশ অবশ্য জানিয়েছে, এবারের ঘটনা মদ্যপান জনিত কারণে নয়। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে শুক্রবার দেশ ছাড়ার কথা ছিল ১৮ টেস্টে ১,২৬৯ এবং ৩৯ ওয়ানডেতে ১,১০০ রান করা রাইডারের।