এবার টি-টোয়েন্টি জয়ের লক্ষ্য
শ্রীলঙ্কার মাটিতে অধরা জয় পেয়ে বাংলাদেশ দল এখন দারুণ উজ্জীবিত। তৃতীয় ওয়ানডে জয়ের রেশ নিয়ে সেই পাল্লেকেলেতে রোববার একমাত্র টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
মুশফিকুর রহিমের দলের জন্য সুখবর, এই ম্যাচে নেই শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। স্বাগতিক দলে ৫ নবাগতর উপস্থিতিও বাড়তি সুবিধা দিতে পারে বাংলাদেশকে।
সব কিছু মিলিয়ে মুশফিক দারুণ আত্মবিশ্বাসী। বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমাদের সামনে টি-টোয়েন্টির অন্যতম সেরা দলকে হারানোর দারুণ সুযোগ। কারণ সফরে আমাদের সমস্যায় ফেলা (কুমার) সাঙ্গাকারা ও (তিলকরত্নে) দিলশান এই দলে নেই।”
“তবে শ্রীলঙ্কার এই দল তরুণদের নিয়ে গড়া হলেও তারা দেশের মাটিতে খেলছে। গত বছর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসপিএল) খেলার সময় এদের কয়েক জনকে কাছ থেকে দেখেছিলাম। তখনই তাদের সম্ভাবনাময় বলে মনে হয়েছিল,” যোগ করেন তিনি।
বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত শেষ ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো পরিস্থিতিতে ব্যাট করে জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিক ও তার সতীর্থদের জন্য এটাও বাড়তি প্রণোদনা।
তবে সফরের শেষ ম্যাচে বাংলাদেশের খারাপ খেলার খতিয়ানও কম নয়।
পাশাপাশি প্রতিপক্ষের এক জনকে নিয়ে মুশফিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তিনি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।
এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “মালিঙ্গা তিন/চার রকমের বল করতে পারে। তার বলে রান করা সহজ নয়।”
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটিই টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬৪ রানে।
