২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ে ‘অবাঞ্ছিত’ শ্রীলঙ্কার ক্রিকেটাররা

কয়েকটি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের আন্দোলনের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ের ম্যাচগুলোতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গভার্নিং কাউন্সিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 03:19 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ আইপিএলে ভারতের তামিল নাড়ু প্রদেশের রাজধানী চেন্নাইয়ে ১০টি খেলা হবে।

প্রায় চার বছর আগে, শ্রীলঙ্কার তামিল টাইগারদের দমন করতে হত্যাযজ্ঞ চালিয়েছিল দেশটির সরকার। এর প্রতিবাদে চেন্নাইয়ে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলতে না দেয়ার লক্ষ্যে কিছু দিন আগে থেকে আন্দোলন শুরু করে তামিল নাড়ুর মানুষ।

তারা দাবি জানায়, শ্রীলঙ্কার কোনো খেলোয়াড় চেন্নাইয়ে খেলতে পারবেন না। এমনকি চেন্নাই সুপার কিংসের কোনো খেলোয়াড়ও সেই সুযোগ পাবেন না।

রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কায় এবং অন্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানায় বিসিসিআই।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, “আইপিএলের খেলোয়াড়, দর্শক এবং স্টেডিয়ামগুলোতে বিভিন্ন দায়িত্ব পালন করা সবার নিরাপত্তা নিশ্চিত করা বিসিসিআইয়ের প্রধান দায়িত্ব। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে, আইপিএল ২০১৩-র চেন্নাইয়ের ম্যাচগুলোতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা খেলতে পারবেন না। প্রতিযোগিতার ৯টি দলকেই বিষয়টি অবহিত করা হয়েছে।”

তবে বিসিসিআইয়ের এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এর প্রতিবাদে শ্রীলঙ্কার ক্রিকেটারদের এবারের আইপিএল বর্জনের অনুরোধ জানিয়েছেন তিনি।

আইপিএলের নবাগত দল সান রাইজার্স হায়দ্রাবাদে খেলবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন আইপিএলে সবচেয়ে বেশি (৮৩টি) উইকেটের মালিক ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আছেন ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও সর্বকালের সফলতম স্পিনার মুত্তিয়া মুরালিধরন। পুনে ওয়ারিয়র্সের সদস্য স্পিনার অজন্তা মেন্ডিস ও বর্তমান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।