২০০ উইকেটের মাইলফলকে রাজ্জাক
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক দিনের ক্রিকেটে ২০০ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
২০০৮ সালে সন্দেহজনক অ্যাকশনের জন্য আইসিসির প্রতিবেদনের পর তার ক্যারিয়ারই পড়ে গিয়েছিল শঙ্কায়। সেখান থেকে ফিরে ওয়ানডেতে দেশের মূল অস্ত্র হয়ে উঠতে বেশি সময় নেননি রাজ্জাক।
২০০৪ সালের জুলাইয়ে কলম্বোয় এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৭ রানে ৩ উইকেট নেন রাজ্জাক। ২৭ দশমিক ৪৬ গড়ে সংগ্রহের ঝুলিকে ২০০ উইকেটে নিয়ে যেতে তার খেলতে হয়েছে ১৪১ ম্যাচ। এর মধ্যে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন চার বার। আর ৪ উইকেট পেয়েছেন পাঁচবার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিনবার ২৯, ৩০ ও ৩৩ রানে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান রাজ্জাক।
‘প্রিয়’ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে তিনবার চার উইকেট পেয়েছেন এই বঁহাতি। তার একমাত্র হ্যাটট্রিকও জিম্বাবুয়ের বিপক্ষে।
২০১০ সালের ৩ ডিসেম্বর ঢাকায় প্রসপার উৎসেয়া, রে প্রাইস ও ক্রিস্টোফার এমপোফুকে ফিরিয়ে দিয়ে দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক পূর্ণ করেন রাজ্জাক। এর আগে এই কৃতিত্ব দেখান পেসার শাহাদাত হোসেন।
উইকেট সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ১৬১ উইকেট নিয়ে দ্বিতীয় এবং সাকিব আল হাসান ১৬০ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দুজনই ম্যাচ খেলেছেন ১২৬টি করে।
