‘গুপ্তধনের’ খোঁজে গিয়ে মাটিচাপায় মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বপ্নে পাওয়া গুপ্তধন খুঁজতে গিয়ে মাটিচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের স্ত্রী।
ওই ব্যক্তির নাম নুর মোহাম্মদের (৫৪)। তিনি উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের বাসিন্দা।
আহত হাজেরা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার জানায়, নুর মোহাম্মদ গত বুধবার ভোর রাতে স্বপ্নে দেখেন তার বাড়ির পাশের জমিতে দু’টি প্রাচীন কুয়ায় গুপ্তধন রয়েছে। এর মধ্যে একটি কুয়া খনন করতে স্বপ্নে তাকে নিষেধ করা হয়।
বুধবার স্ত্রী হাজেরা বেগমকে নিয়ে একটি প্রাচীন কুয়া খনন করে তিনি কিছু ভাঙ্গা মূর্তি পান। বৃহস্পতিবার আরেকটি কুয়া খনন করতে গেলে তিনি মাটিচাপা পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মাটিচাপা পড়েন স্ত্রী হাজেরাও।
পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা হাজেরাকে আহত ও নুর মোহাম্মদকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মনতাজুল ইসলাম বলেন, দুপুরে হাজেরা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরো মাটি খুড়ে বিকাল ৫টার দিকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, “এ রকম একটি খবর শুনেছি।”
