হামলায় গুরুতর আহত রাইডার
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডার।
জাতীয়ভাবে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের জেষ্ঠ সার্জেন্ট ব্রায়ান আর্চার বলেন, “জেসি মারাত্মক আক্রমণের শিকার হয়েছিলেন। এ সময়ই মাথায় মারাত্মক আঘাত পান তিনি।”
ওয়েলিংটনের সতীর্থদের নিয়ে স্থানীয় একটি বারে যাওয়া রাইডার সেদিন দুবার ঝামেলায় জড়িয়েছিলেন। বারের ঠিক বাইরে প্রথমে তিন ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি।
সেই তিন জনের দুজন রাইডারকে অসুসরণ করে রাস্তার অন্যপাশে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় যায়। সেখানে তাদের একজন রাইডারকে আঘাত করে বলে জানান আর্চার। কোনো প্ররোচনার ফলে আক্রমণ কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
“জেসিকে হাসপাতালে নেয়া হয়েছে। কোমায় থাকা সঙ্কটাপন্ন জেসিকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে,” যোগ করেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রাইডার খুলিতে মারাত্মক আঘাত পেয়েছেন, কয়েক জায়গায় ফেটেও গেছে। এছাড়া তার ফুসফুসও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা যায় নি জানিয়ে আর্চার বলেন, “প্রত্যক্ষদর্শীদের এ ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানিয়েছি আমরা।”
আশেপাশে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
ঝামেলা পাকিয়ে অনেকবার সংবাদ মাধ্যমের খবরে পরিণত হলেও রাইডারকে নিউজিল্যান্ডের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে ভাবা হয়। স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত জীবন কাটালেও তার ওপর থেকে কখনো বিশ্বাস হারায়নি নিউজিল্যান্ড ক্রিকেট।
আগামী আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলের হয়ে খেলার জন্য শুক্রবার দেশ ছাড়ার কথা ছিল তার। ১৮ টেস্টে ৪০.৯৩ গড়ে ১২৬৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ২০১। আর ৩৯ ওয়ানডেতে ৩৪.৩৭ গড়ে করেছেন ১১০০ রান।
